বাগেরহাটে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ আসন্ন জাতীয় বাজেটে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিগ্রস্থ উপকুলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবীতে বাগেরহাটে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার দুপুওে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপকূলীয় এলাকার জলবায়ু সংকট, পরিবেশগত ঝুঁকি ও মানুষের জীবন-জীবিকার নানা দিক তুলে ধরে সুনির্দ্দিষ্ট ২১ দফা দাবি উপস্থাপন করা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় আসন্ন জাতীয় বাজেটে পৃথক ও পর্যাপ্ত বরাদ্দের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে পরিবেশবাদী সংগঠন ক্লাইমেট অ্যাকশন ফোরাম। ২১ দফা দাবীর সাথে উপকূল রক্ষায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহন করারও দাবী তোলে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের অন্যতম সদস্য আব্দুস সালাম। স্বাগত বক্তব্য দেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্য সচিব শেখ আসাদ। এ সময় সংগঠনের টিম লিডার শারমীন আরা লীনা, জাতীয়তাবাদী মহিলা দল নেতা নারগীস আক্তার ইভা, সংবাদ কর্মী ইসরাত জাহান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দেশের উপকূলীয় অঞ্চল এখন জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক সংকটের মুখে রয়েছে। বিশেষ করে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালীর মতো জেলাগুলো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, পানি সংকট ও ভূমি ক্ষয়ের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। উপকূল রক্ষায় দ্রুত ‘উপকূল উন্নয়ন বোর্ড’ গঠন, উপকূলকে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা, জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদী ও খাল খনন, নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণের দাবি জানানো হয়। পাশাপাশি সুন্দরবন রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়ার কথাও বলা হয়। এছাড়া উপকূলীয় মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানো, দুর্যোগ সহনশীল আবাসন নির্মাণ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র সংস্কার, উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা, স্বাস্থ্যসেবা জোরদার এবং সমুদ্রগামী জেলেদের জন্য জীবনবীমা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন লিডার্সের অ্যাডভোকেসি ও সক্ষমতা উন্নয়ন কর্মকর্তা বিপাশা অধিকারী।



