শহীদ আলাউদ্দিন সরদারকে হত্যার পরও তার আদর্শিক স্বপ্ন বাঁধাগ্রস্ত করতে পারেনি ঘাতকেরা

# জেলা বিএনপি নেতা সরদার আলাউদ্দিন মিঠুর শাহাদাৎবার্ষির্কীতে মনিরুজ্জামান মন্টু #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, ছাত্রদল থেকে শুরু করে ফুলতলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক; পরবর্তীতে খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন পর্যন্ত সরদার আলাউদ্দিন মিঠু ছিলেন জাতীয়তাবাদী আদর্শের ত্যাগী ও নিরলস পরিশ্রমী কর্মী। তিনি ইউপি চেয়ারম্যান থেকে ফুলতলা উপজেলা পরিষদের সর্বাধিক জনপ্রিয় চেয়ারম্যান হয়ে জননন্দিত জননেতায় পরিণত করেছিলেন নিজেকে। জনগনের ভোট-ভাতের অধিকার আদায়ে আমৃত্যু বিএনপি’র আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। সরদার আলাউদ্দিন মিঠুর জনপ্রিয়তায় ইষ্মান্বিত হয়ে তাঁকে হত্যা করেছে সন্ত্রাসীরা; তারপরও বিএনপি’র নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠায় তাঁর আদর্শিক স্বপ্ন বাঁধাগ্রস্ত করতে পারেনি। বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার শহীদ আলাউদ্দিন সরদার মিঠুর স্বপ্ন পূরণে জনগনের দ্বোরগড়ায় মৌলিক সেবা পৌঁছে দিচ্ছে, দেবে ইনশাআল্লাহ্। তাই যতোদিন বাংলাদেশ থাকবে- ততোদিন বিএনপি থাকবে, যতোদিন বিএনপি থাকবে- ততোদিন শহীদ সরদার আলাউদ্দিন মিঠু ফুলতলা বাসীর হৃদয়ে থাকবে। খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ সরদার আলাউদ্দিন মিঠুর ৯ম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার (২৫ মে) বিকাল ৫টায় ফুলতলা উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য জিএম রফিকুল হাসান ও শহীদের সহোদর সেলিম সরদার, বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাবু, ওয়াহিদুজ্জামান নান্না, শহীদের সহধর্মিনী জুবাইদা খানম সুরভী, বিএনপি নেতা আহসানুল হক লড্ডন, জিএম হারুন অর রশীদ, জামাল হোসেন ভূইয়া, মোতাহার হোসেন, আনিচুর রহমান পলাশ, মো. ইদ্রিস মোল্যা, আ. রউফ গাজী, টিটু জমাদ্দার, ইব্রাহিম সরদার, রবিউল ইসলাম, মিতা পারভীন, আলমগীর সরদার, আলমগীর হোসেন, ফয়সাল হোসেন, আ. সাত্তার ও ইয়াসমিন ভূইয়া প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা বিএনপি’র প্রয়াত সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাগফিল ও তবারক বিতরণ করা হয়। একই সাথে বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, বিএনপি চেয়ারপার্সন অবিসাংবাদিত নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কণিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোসহ দলের প্রয়াত সকল নেতাকর্মীদের মাগফেরাত কামনা করা হয়। সুস্থ্য দীর্ঘায়ু থেকে বাংলাদেশকে আধুনিক স্বনির্ভর উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


