স্থানীয় সংবাদ

যশোরে আলাদা ঘটনায় শিশু শ্রমিক ও এক কিশোরীর মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোরের বাঘারপাড়া ও সদর উপজেলায় পৃথক তিনটি ঘটনায় এক শিশু, এক রড মিস্ত্রি ও এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (৪ জুন) সকাল ও দুপুরে এসব ঘটনা ঘটে। মৃতরা হচ্ছে নড়াইলের লোহাগড়া উপজেলার বাবরা গ্রামের ইমরান শেখের ছেলে লাবিব (৩), বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের মৃত সাত্তার মোল্যার ছেলে আলমগীর (৪৮) এবং যশোর সদর উপজেলার মোবারককাঠি গ্রামের আয়ুব আলীর মেয়ে রাবেয়া খাতুন (১৪)। পরিবার সূত্রে জানা যায়, শিশু লাবিব তার নানাবাড়ি বাঘারপাড়া উপজেলার ঘোপ ছাতিয়ানতলা গ্রামে অবস্থান করছিল। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির বারান্দায় খেলাধুলার সময় একটি টেবিল ফ্যানের সঙ্গে সংযুক্ত মাল্টিপ্লাগে আঙুল প্রবেশ করালে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে, একই দিন সকাল পৌনে ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা ও পেশায় রড মিস্ত্রি আলমগীর বাড়ির পাশের ইব্রাহিম হোসেনের বাড়িতে রড কাটার কাজ করছিলেন। এ সময় গ্রেন্ডার মেশিন দিয়ে রড কাটার একপর্যায়ে মেশিনের নাট খুলে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
এদিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের মোবারককাঠি গ্রামে পারিবারিক কলহের জেরে রাবেয়া খাতুন (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষের আড়ার সঙ্গে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, তিনটি ঘটনাতেই সংশ্লিষ্ট থানায় আলাদা আলাদা অপমৃত্যু মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button