স্থানীয় সংবাদ

সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্লান্টের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শনে কেসিসি প্রশাসক মঞ্জু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শনিবার দুপুরে সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্লান্টের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করেন। কেসিসি, এলজিইডি, পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কেসিসি প্রশাসক বলেন, শীঘ্রই খুলনা সিটি কর্পোরেশন বর্জ্য রিসাইক্লিং প্লান্টটি চালু করতে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে এ ধরণের প্রকল্প খুলনা সিটি কর্পোরেশন সর্বপ্রথম বাস্তবায়ন করছে যা খুলনাবাসীর জন্য গর্বের। এলজিইডি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও কেসিসি যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে। অপর এক প্রশ্নের উত্তরে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী উম্মুক্ত জায়গায় বর্জ্য সংরক্ষণের বিষয়ে নিরুৎসাহিত করেছেন এবং একটি ধুলা ও বর্জ্য মুক্ত শহর গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আগামীতে বাড়ি থেকে পৃথকভাবে বর্জ্য সংগ্রহ এবং রাতের মধ্যেই বর্জ্য রিসাইক্লিং সেন্টারে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে সফল হলে বর্জ্য সম্পদে পরিণত হবে। আগামী নভেন্বর-ডিসেম্বরের মধ্যে প্লান্টটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধিনে ‘‘দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন’’ প্রকল্পের আওতায় ‘‘খুলনা সিটি কর্পোরেশনের সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং কুয়েট এপ্রোচ রোড’’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। আগামী ১ জুলাই থেকে বর্জ্য রিসাইক্লিং প্লান্টের একাংশের (প্লাস্টিক থেকে জ¦ালানী তেল তৈরী) কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেয়া হয়েছে। জনগুরুত্বপূর্ণ এ প্লান্টটির সফল বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের স্বার্থে প্রাথমিক পর্যায়ে পরামর্শক প্রতিষ্ঠান ওয়েস্ট কনসার্ণ-এর সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ইতোমধ্যে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। চুক্তিবদ্ধ হওয়ার পূর্বে পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ আজ প্লান্টটির বাস্তব অবস্থা সরেজমিন পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো: হামিদুল হক, টীম লিডার মো: শফিকুর রহমান, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, সহকারী প্রকৌশলী ওবায়দুল্লাহ খান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, পরামর্শক সংস্থা ওয়েস্ট কনসার্ণ-এর ম্যানেজিং পার্টনার মাকসুদ সিনহা ও ইফতেখার এনায়েত উল্লাহ, বিটাক-এর সাবেক মহাপরিচালক ড. এহসানসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button