স্থানীয় সংবাদ

খুলনার সাথে ১০ ঘন্টা পর সারাদেশের রেল যোগাযোগ শুরু

ঝিনাইদহের তেলবাহি ট্রেন লাইনচ্যুত

প্রবাহ রিপোর্ট : দীর্ঘ ১০ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। খুলনা ও ঈশ্বরদী থেকে দু’টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে ৫ ঘন্টা চেষ্টার পর দুপুর ৩ টায় রেল চলাচল শুরু হয়। এর আগে রোববার সকাল ৫টায় ঝিনাইদহের সাফদারপুর ষ্টেশন পয়েন্টে একটি তেলবাহি ট্রেন ষ্টেশনের প্রবেশের আগে পয়েন্ট এলাকা অতিক্রমের সময় তিনটি বগি সম্পূর্ণ লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে রাজশাহী ও ঢাকার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এ রুটে চলাচলকারী ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দুর্ঘটনায় উভয় পাশের স্টেশনগুলোতে চলাচলকারী কপোতাক্ষ, রকেট, সীমান্তসহ একাধিক ট্রেন দাড়িয়ে থাকতে দেখা যায়। উপায় না পেয়ে ট্রেনের অনেক যাত্রী বিকল্প পথে চলে যান। খবর পেয়ে বেলা ১১টার দিকে ঈশ্বরদী ও খুলনা থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে। দীর্ঘ সাড়ে ৫ ঘন্টার চেষ্টার পর বেলা ৩টায় রেল যোগাযোগ শুরু হয়।
সাফদারপুর স্টেশনের মাষ্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহি ট্রেনটি সাফদারপরে ষ্টেশনে প্রবেশের সময় পয়েন্ট এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইন ও স্লিপার দুমড়ে মুচড়ে যায়। ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে উদ্ধারকারী দুইটি ট্রেন ঘটনাস্থলে পৌছে লাইন ঠিক করে। এরপর দুপুর ৩ টায় থেকে রেল চলাচল শুরু হয়। তবে এ ঘটনায় কোন ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি বলে উল্লেখ করেন।
মোবারকগঞ্জ রেলষ্টেশনের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করি। ঈশ্বরদী ও খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে। এছাড়া ঈশ্বরদী থেকে উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। তবে, কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনি বলা যাচ্ছে। উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানান এ প্রকৌশলী।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button