আমেরিকান দূতাবাসের প্রতিনিধি দলের কেসিসি প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাত

খবর বিজ্ঞপ্তি ঃ ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার বিকেলে নগর ভবনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে কেসিসি ও আমেরিকান দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় প্রতিনিধি দলের পক্ষ থেকে খুলনা মহানগরীর স্বাস্থ্যসেবা, মশক নিয়ন্ত্রণ, অবকাঠামোগত উন্নয়ন, পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। কেসিসি প্রশাসক আগত প্রতিনিধি দলের সদস্যদের খুলনায় স্বাগত জানান এবং খুলনা মহানগরীতে কেসিসি কর্তৃক চলমান প্রকল্পসমূহের বিবরণ তুলে ধরেন। তিনি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাবের দিকসমূহ তুলে ধরেন এবং বিদ্যমান সমস্যাসমূহ সমাধানে আমেরিকান সরকারের পক্ষ থেকে প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন। একইসাথে মহানগরীর উন্নয়নের স্বার্থে রিনিউএ্যাবল জ¦ালানী ও ট্যুরিজম খাত, এবং মশক নিধন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সড়ক উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে গৃহীত কার্যক্রমে কেসিসি’র পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা প্রদানের আশ^াস দেন। এছাড়া প্রশাসক পরিবহন সেক্টরের আধুনিকায়নে ইলেক্ট্রিক বাস অথবা মেট্রোরেল সার্ভিস চালুর বিষয়ে সহযোগিতা প্রদানের আহবান জানান। আমেরিকান দূতাবাসের কর্মকর্তা ইসাইয়াহ ফ্লাহার্টি, ব্রানডন বারনেস, জিওভানি রামিরেজ, মাশহুর আলম শেট, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম এ সময় উপস্থিত ছিলেন।



