কুষ্টিয়ায় অপহৃত তিন শিশুকে উদ্ধার করলো রেল পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি ঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেল থেকে অপহৃত তিন শিশুকে ঢাকা থেকে উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। শিশু অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে তারা। সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টায় পোড়াদহ রেলওয়ে থানায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান রেলওয়ে খুলনার পুলিশ সুপার আহমদ ময়নুল হাসান। উদ্ধার তিন শিশু হলো- পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ এলাকার সুমনের ছেলে ছিফাত (১০), একই এলাকার হাসেমের ছেলে রাজ (১০) এবং বেলাল হোসেনের ছেলে মোমিন (৯)। গ্রেপ্তারকৃতরা হলেন মিরপুর উপজেলার গোপালপুর এলাকার টুটুলের স্ত্রী ফতে আক্তার (৩৫) ও হৃদয়ের স্ত্রী শাহানাজ বেগম (৪০)। সংবাদ সম্মেলনে রেল পুলিশের সুপার আহম্মদ ময়নুল হাসান জানান, গত ২৭ এপ্রিল সকাল ৮টা ৫৫ মিনিট থেকে ১১টার মধ্যে পোড়াদহ রেলওয়ে জংশনের দুই নম্বর প্লাটফর্ম থেকে সিফাত, মোমিন ও রাজ নামের তিন শিশুকে সুকৌশলে অপহরণ করা হয়। সিফাতের মা শেফালী আক্তার গত ৬ জুন পোড়াদহ রেলওয়ে থানায় একটি মামলা করেন। ওই মামলায় ফতে আক্তারকে সন্দেহভাজন আসামি করা হয়। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শিশু অপহরণের কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী অপর অপহরণকারী শাহনাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে এ দুজনের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালায় রেলওয়ে থানা পুলিশ। সেখান থেকে পুলিশ জানতে পারে কিছুদিন স্টেশনে ভিক্ষাবৃত্তিতে জড়িত তিনটি শিশুকে পুলিশ আটক করে রাজধানীর একটি বেসরকারি শিশু পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করেছে। পরে ওই তিন শিশুকে ওই পুনর্বাসন কেন্দ্র থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপার আরও জানান, মূলত ভিক্ষাবৃত্তি করানোর জন্য বিভিন্ন এলাকা থেকে শিশু অপহরণ করে আসছিল চক্রটি। গ্রেপ্তার দুই নারী ভিক্ষাবৃত্তির জন্য শিশু অপহরণ চক্রের সদস্য। তারা বিভিন্ন কৌশলে শিশুদের অপহরণ করে অন্যত্র বিক্রি করে দেয়। পরে সেই চক্রের সদস্যরা রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন জনবহুল এলাকায় ওই শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করান। তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।



