কেসিসি কর্মচারি কল্যাণ তহবিলের তছরুপকৃত টাকা ফেরৎ দেয়া শুরু

# কেসিসির প্রশাসকের হস্তক্ষেপে #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের কল্যাণ তহবিলের তছরুপকৃত টাকা ফেরত দেয়া শুরু হয়েছে। বর্তমান প্রশাসকের ব্যাপক তৎপরতায় এ টাকা ফেরৎ দেয়া শুরু করেছে বলে সাধারণ কর্মচারিরা মনে করেন। সর্বশেষ গত ২১ জুন ৩,৪৫, ৫০০ টাকা কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা ব্যাংকের মাধ্যমে জমা দেন। ২/৪ দিনের মধ্যে ইউনিয়নের সাঃ সম্পাদক শেখ মোঃ মহিউদ্দীন তার পাওনার অংশের টাকা জমা দিবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে কেসিসি কর্মচারি কল্যাণ তহবিলের ৩৭ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা তছরুপ হয়। কেসিসির সাবেক নির্বাহী প্রধান লস্কর তাজুল ইসলাম কল্যাণ তহবিলের তছরুপ কৃত ৩৭৯৮৫৪০ টাকা ফেরত দেয়ার জন্য গত ১ জুন চিঠি দেন। ওই চিঠিতে সময় দেয়া হয় সাত কর্মদিবস। সে মতে, তছরুপকারীদের মধ্যে ইউনিয়নের সভাপতি তার ভাগের টাকা ২১ জুন ইউনিয়নের কল্যাণ তহবিলের ফান্ডে জমা দেন। গত ২০২২ সালের ২০ এপ্রিল শ্রম অধিদপ্তর কর্তৃক প্রেরিত পত্রে উল্লেখ করা হয়, কল্যাণ তহবিলের সার্বিক পরিচালনায় দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গের (বোর্ড অব ডাইরেক্টর, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সভাপতি ও সাধারণ সম্পাদক) গাফেলতি, অস্বচ্ছতা ও অসর্তকতার কারণে কল্যাণ তহবিলের টাকা তছরুপ হয়েছে মর্মে প্রতীয়মান হয়। এদিকে কল্যাণ তহবিলের তছরুপকৃত টাকা ফেরত দেয়া শুরু করায় কর্মচারিদের মাঝে আশার আলো দেখা দিয়েছে। এ জন্য তারা কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহাকে ধন্যবাদ দিয়েছেন।



