স্থানীয় সংবাদ

বাগেরহাট হাসপাতালের ৬৬ কর্মচারী চাকরি হারানোর ভয়ে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে

আজাদুল হক, বাগেরহাট : বাগেরহাট জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে আউটসোর্সিংয়ের প্রকল্পে কাজ পাওয়া হতদরিদ্র ৬৬ জন কর্মচারী রাজনৈতিক পট পরিবর্তনের কারনে চাকরি হারানোর আশঙ্কায় পড়েছেন। বিগত ৬ মাস ধরে বেতন না পেয়ে এবং চাকরী হারানোর আশংকা নিয়ে আউটসোসিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে কর্মচারীরা শনিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কর্মচারী রবিউল হাসান আকাশ অভিযোগ করেন, “কোনো প্রকার পূর্ব নোটিশ বা কারণ দর্শানোর নোটিশের সুযোগ ছাড়াই চাকরি থেকে আমাদের অব্যাহতি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সংশ্লিষ্ট ঠিকাদার। আমাদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ দেওয়া প্রক্রিয়া চলছে। এতে ৬৬ জনের পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে। তিনি বলেন, “যাদের নতুন করে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে তাদের পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা নেই। ২০২৫ সালের ২৩ নভেম্বর মন্ত্রণালয় আউটর্সোসিং নীতিমালার গেজেট প্রকাশ করে। সেখানে তফসিল ‘খ’ এ বলা আছে, অভিজ্ঞ কর্মী বাদ দিয়ে নতুনদের নিয়োগ দেওয়া যাবে না। আর যদি বাদ দিয়ে নতুন নিয়োগ দিতে হয় তাহলে শুনানি করে মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটি গঠন করা আছে সেই কমিটির মাধ্যমে বাদ দিতে হবে। ”সরকার যেন বিষয়টি তদন্ত করে ৬৬ জনকে চাকরিতে পুনর্বহাল করে সেই দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এ বিষয়ে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, ২০২৪ সালের জুন থেকে সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আউটর্সোসিং পদে নিয়োগ দেওয়া হয়েছে। গ্যালন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ৬৬ জন আউটসোর্সিংয়ের ভিত্তিতে এখানে কর্মরত আছেন। ৩০ জুন ২০২৬ তাদের চাকরির মেয়াদ শেষ হবে। তিনি বলেন, “নতুন অর্থবছরে সরকার এইচআরডিই এজেন্সি নামে একটি নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানকে আউটসোর্সিং ভিত্তিতে কর্মী দেওয়ার জন্য নিয়োগ দেয়। এই প্রতিষ্ঠান আগামী অর্থবছরের জন্য এই প্রক্রিয়া শুরু করেছে।”নীতিমালা অনুযায়ী, সরকারের নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান এই নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করবে বলে আশা করছেন এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button