স্থানীয় সংবাদ

ভাঙ্গায় ১৬ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

মাদারীপুর প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশপাশের অন্তত ১৬টি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হামিরদী ও মানিকদাহ ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে দফায় দফায় সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী মৌজার ১১ গ্রামের সঙ্গে পাশের একই উপজেলার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া মৌজার পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিল। গত শনিবার (২৭ জুন) সন্ধ্যায় মহেশ্বরদী গ্রামের বাসিন্দা আব্দুল কালাম পুকুরিয়া বাসস্ট্যান্ডে গেলে তাকে বেধড়ক মারধর করা হয়। এর জের ধরে রোববার সকাল ৮টার দিকে মহেশ্বরদী মৌজার ১১ গ্রামের লোকজন পুকুরিয়া বাসস্ট্যান্ডে চড়াও হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর দুপক্ষ সংঘবদ্ধ হয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সংঘর্ষে লিপ্ত ব্যক্তিরা ইট ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। প্রাথমিকভাবে জানা গেছে, এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে সংঘর্ষে লিপ্ত হওয়া ব্যক্তিবর্গ ছাড়াও রাজনীতিবিদ, সাংবাদিক ও পুলিশ সদস্য রয়েছেন। পুলিশ জানায়, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বর ও হামিরদী ইউনিয়নের সিরু মোল্লার সমর্থকদের মধ্যে রোববার সকালে পুকুরিয়া বাসস্ট্যান্ডে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে হাজারো যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক টিয়ারশেল নিক্ষেপ করে। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংঘর্ষ ঠেকানোর চেষ্টা এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button