জাতীয় সংবাদ

মারধরের শিকার : চিকিৎসাধীন নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ নাটোরের নলডাঙ্গায় মারধরের শিকার হয়ে ২৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হামিদুর রহমান ওরফে জাহাঙ্গীর (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। সোমবার(২৯ জুন) রাতে নাটোর আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত জাহাঙ্গীর নলডাঙ্গা উপজেলার কালীগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের নলডাঙ্গা উপজেলা শাখার বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। একই সঙ্গে তিনি কালীগঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন, গত ৩ জুন নলডাঙ্গার কালীগঞ্জ বাজারে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা প্রকাশ্যে জাহাঙ্গীরকে বেধড়ক মারধর করেন। এতে তার দুই পা ভেঙে যায় এবং তিনি চলাচলের সক্ষমতা হারিয়ে ফেলেন। এর ২৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাহাঙ্গীর শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তাকে নির্মমভাবে আহত করা হলেও নলডাঙ্গা থানা পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ফলে অভিযুক্তরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। নিহতের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগের বিষয়ে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনার সঙ্গে বিএনপি বা এর সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী জড়িত নন। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বাংলানিউজকে জানান, হামিদুর রহমানকে মারধরের বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button