সুন্দরবনের জলদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসী খানজাহান গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও গুলি

# র্যাব-৬ এর অভিযান #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলার সুন্দরবন অঞ্চলের চিহ্নিত জলদস্যু, অস্ত্রধারী সন্ত্রাসী এবং একাধিক ডাকাতি মামলার আসামি আজহারুল ইসলাম ওরফে খানজাহান (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২ জুলাই বিকেল ৪টার দিকে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে পৃথক দুটি পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় দুটি ওয়ান শুটার গান এবং ৩৬ রাউন্ড তাজা সীসার বুলেট উদ্ধার করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়। র্যাবের তথ্য অনুযায়ী, আজহারুল ইসলাম ওরফে খানজাহান একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও জলদস্যু। তার পুলিশ ক্লিয়ারেন্স ও পূর্ব অপরাধের তথ্য পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে খুলনার কয়রা থানা এবং সাতক্ষীরার শ্যামনগর থানায় একাধিক ডাকাতি মামলার তথ্য রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



