জাতীয় সংবাদ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রবাহ রিপোর্ট ঃ অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলোকে নতুনভাবে কার্যকর করতে হলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে এসব শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পখাতকে আরও গতিশীল করা সম্ভব। সভায় জানানো হয়, বন্ধ ও অলাভজনক এসব কলকারখানায় বিনিয়োগে ইতোমধ্যে অনেক বেসরকারি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানিগুলো বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগীভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, শিল্পখাতের স্থবির সম্পদকে উৎপাদনমুখী সম্পদে রূপান্তর করতে হলে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button