জাতীয় সংবাদ

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পল্লবী থানা ঘেরাও : অভিযুক্তের ফাঁসি দাবি

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণের চেষ্টা ও পরবর্তীতে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে পল্লবী থানা ঘেরাও করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবী থানার সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে মিরপুর-১০-এর ওয়াপদা বিল্ডিং-সংলগ্ন থার্টিন হার্টস ক্যাম্পের ৩০ থেকে ৩৫ জন বাসিন্দা থানার সামনে জড়ো হন। বিক্ষোভকারীদের অভিযোগ, একই এলাকার বাসিন্দা মো. আনোয়ার (৫০), বাবা ছায়েন উদ্দীন, সাং-১০/এ, থার্টিন হার্টস ক্যাম্প, থানা-পল্লবী, এক ১৩ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা এবং পরে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত। এ ঘটনার প্রতিবাদে তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই দাবিতে শনিবার বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করেন। বিক্ষোভকারীরা প্রায় ১০ থেকে ১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button