জাতীয় সংবাদ

বড় বন্যার শঙ্কা : প্লাবিত হতে পারে ১৪ জেলা

প্রবাহ রিপোর্ট ঃ নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে আগামী কয়েক দিনে দেশের ১৪ জেলার নিম্নাঞ্চলে বন্যা ও প্লাবনের আশঙ্কা রয়েছে। রোববার (৫ জুলাই) এ পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন (৫-১০ জুলাই) দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাউবো আরও জানিয়েছে, আগামী তৃতীয় থেকে পঞ্চম দিন (৮-১০ জুলাই) দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদ-নদীর পানি সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেয়ে কিছু স্থানে সতর্কসীমা স্পর্শ বা অতিক্রম করতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর এবং ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button