বঙ্গোপসাগরে ট্রলারডুবি : ৫ জেলে উদ্ধার, নিখোঁজ ছয়

প্রবাহ রিপোর্ট ঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মধ্যে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। রবিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে মোট ১১ জন জেলে ছিলেন। তাদের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া জেলেরা হলেন, বায়েজিদ (৩০), ইমাদুল সিকদার (৪০), নাজমুল (৩০), রাকিব (২২) ও সজিব (২৫)। উদ্ধার হওয়া আহত জেলে বায়েজিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া জেলে বায়েজিদ (৩০) জানান, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারটি শনিবার রাতে ১১ জন জেলেকে নিয়ে মাছ ধরতে বঙ্গোপসাগরে যায়। রবিবার রাত ৯টার দিকে সাগরে প্রবল স্রোত ও বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। তারা ট্রলার ও একটি বয়া ধরে প্রায় ৬ ঘণ্টা ভেসে ছিলেন। পরে রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের একটি ট্রলার তাদের উদ্ধার করে। এখনো নিখোঁজ রয়েছেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খা (৪৫), খরিদা গ্রামের হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের ফরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস (২৫)। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো. ইজাজুল হক জানান, ট্রলারডুবির খবর পাওয়ার পর রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড অভিযান চালিয়ে যাচ্ছে।



