২৪ ও ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কেসিসি প্রশাসকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোমবার বিকেলে নগরীর ২৪ ও ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, নাগরিক দুর্ভোগ লাঘবে ড্রেন পরিচ্ছন্ন করার পাশাপাশি পেড়িমাটি উত্তোলন করা হচ্ছে। ফলে ড্রেনের পানি প্রবাহ বাড়বে এবং প্রবাহমান পানিতে মশা বংশ বিস্তার করতে পারে না বিধায় মশার প্রকোপও হ্রাস পাবে। তবে এ বিষয়ে দীর্ঘমেয়াদী সুবিধা পেতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। বর্জ্য ড্রেনে না ফেলে ব্যাগে করে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ অথবা নিকটস্থ ডাস্টবিনে ফেলার জন্য তিনি নগরবাসীর প্রতি আহবান জানান। পরিদর্শনকালে প্রশাসক বাগমারা মেইন রোডের উভয় পাশের ড্রেনের পেড়িমাটি উত্তলোন ও পরিচ্ছন্নতা কার্যক্রমসহ ওয়ার্ড দু’টির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, স্থানীয় সমাজসেবক মুজিবুর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, আল বেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।



