ভারতে পাচারের শিকার ৫০ বাংলাদেশির দেশে ফেরা

যশোর ব্যুরো ঃ ভারতে পাচারের শিকার ৫০ জন বাংলাদেশি নারী-পুরুষ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। হস্তান্তরের সময় দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, বিএসএফ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাদের গ্রহণ করে মানবাধিকার সংস্থা রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় ইমিগ্রেশন ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ৫০ জনকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নারী ও পুরুষদের জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোরের জিম্মায় দেওয়া হয়েছে। জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, থানার আনুষ্ঠানিকতা শেষে ৫০ জনকে সংস্থার জিম্মায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।



