খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বেলা ১১ টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরে চতুর্থ কিস্তির কল্যাণ ট্রাস্টের অনুদানের ২০ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে খুলনার ২২ জন, যশোরের ১৫ জন, সাতক্ষীরার ১২ জন, নড়াইলের ১২ জন ও বাগেরহাটের ৯ জন রয়েছে।
যশোর জেলা সিনিয়ার তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানে’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো.রাশিদুল ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজে’র সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাতক্ষীরার আবু সাঈদ বিশ্বাস, খুলনার মাকসুদ আলী, নড়াইলের হুমায়ুন কবির রিন্টু প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, বিগত সময়ের মত দলীয়করণ না করে প্রকৃত সাংবাদিকদের অনুদান দেওয়া হচ্ছে। কে কোন দলের ও মতের সেটা দেখা হচ্ছে না। আবেদনে সকল তথ্য ঠিক থাকলে তিনি অনুদান পাচ্ছেন। বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। এখন আর বিগত দিনের মত হামলা মামলায় শিকার হন না। গনতন্ত্রের স্বার্থে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই। তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।
সাংবাদিক নেতৃবৃন্দ অনুদানের পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও চিকিৎসার খরচ অনেক বেড়ে যাওয়ার কারণে অনুদানের পরিমাণ বাড়াতে হবে। যে টোকেন মানি দেওয়া হচ্ছে তাতে চিকিৎসার খরচ হয় না ।
উল্লেখ্য, সারাদেশে ২০২৫-২০২৬ অর্থবছরের আর্থিক সহায়তা/অনুদানের জন্য আবেদনকারীদের মধ্যে ৫০৩ জন সাংবাদিক/সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৮৫ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হবে।



