রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ৪ জনের মৃত্যু: সংসদে মন্ত্রী

প্রবাহ রিপোর্ট ঃ উচ্চ বেতনের চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে যুদ্ধক্ষেত্রে জোরপূর্বক নিয়োজিত ৩০ জন বাংলাদেশি কর্মীর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। বাকি কর্মীদের দেশে ফিরিয়ে আনতে মস্কোয় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, গত ২৪ এপ্রিল তিনটি রিক্রুটিং এজেন্সি-যাদের লাইসেন্স নম্বর যথাক্রমে আরএল-১৪৫৫, আরএল-১৪২৮ এবং আরএল-২৫০৫-জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে বৈধ ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে ৩০ জন কর্মীকে রাশিয়ায় পাঠায়। তিনি জানান, রাশিয়ায় পৌঁছানোর পর ওই কর্মীদের নির্ধারিত কাজে নিয়োগ না দিয়ে জোরপূর্বক সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের সম্মুখসারিতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে-এমন তথ্য পাওয়ার পর সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। আরিফুল হক চৌধুরী বলেন, গত ১৫ জুন মস্কোয় বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠিয়ে বিপদগ্রস্ত বাংলাদেশি কর্মীদের উদ্ধার এবং দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। মন্ত্রী আরও জানান, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই ৩০ জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। বাকিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সরকার প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন, চলতি বছরের এপ্রিলে উচ্চ বেতনের চাকরির আশায় এসব তরুণ রাশিয়ায় যান। পরে তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে পাঠানো হচ্ছে। বিষয়টি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সরকার তদন্ত এবং কূটনৈতিক তৎপরতা জোরদার করে।


