চট্টগ্রাম বন্যা মোকাবিলায় সমন্বয়ের দায়িত্ব পেলেন অনিন্দ্য অমিত

যশোর ব্যুরো ঃ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল ও সুসমন্বিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে বিশেষ দায়িত্ব দিয়েছে সরকার। শুক্রবার (১০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিশেষ সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় ও নিবিড় তদারকি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিমন্ত্রীকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, স্থানীয় প্রশাসনের কাছে মজুত ত্রাণসামগ্রীর সার্বিক অবস্থা পর্যালোচনা এবং উদ্ধার কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নের দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী। এ ছাড়া বন্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন বাহিনীর কার্যক্রমের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান করবেন তিনি। বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করে স্থায়ী ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সার্বিক তদারকির দায়িত্বও পালন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।



