স্থানীয় সংবাদ

খুলনার জনগণের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য : কেডিএ চেয়ারম্যান

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, সোনাডাঙ্গা বাস টার্মিনাল বিভাগীয় শহর খুলনার অন্যতম প্রধান প্রবেশদ্বার। প্রতিদিন হাজার হাজার মানুষ এই টার্মিনাল ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু বর্তমানে এখানকার অবকাঠামোগত অবস্থা এবং টার্মিনাল সংলগ্ন বাইপাস সড়কের যে বেহাল দশা, তা অত্যন্ত দুঃখজনক ও নাগরিকদের জন্য চরম ভোগান্তির। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যা আমি নিজে এসে প্রত্যক্ষ করলাম। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বর্তমান সরকার একটি আধুনিক, সুন্দর ও যানজটমুক্ত খুলনা গড়তে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। কেডিএ’র কার্যক্রমে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এই টার্মিনাল ও বাইপাস সড়কের দ্রুত সংস্কার এবং আধুনিকায়নের জন্য প্রকৌশলীদের সাথে বসে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জনগণের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা টার্মিনালের সার্বিক ব্যবস্থাপনা, দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের যাত্রী সেবার মান এবং টার্মিনাল সংলগ্ন সড়কের বেহালদশা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পরিবহন মালিক-শ্রমিক এবং সাধারণ যাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগের বিষয়গুলো শোনেন।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য মোঃ ইকবাল হোসেন, এমএম মাহমুদুর রহমান ও রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, পরিচালক (এষ্টেট) জাকিয়া সুলতানা, অথরাইজড অফিসার জিএম মাসুদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ. দ.) মো. মজিবুর রহমানসহ কেডিএ’র উর্দ্ধতন কর্মকর্তা নেতৃবৃন্দ।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button