স্থানীয় সংবাদ

চার মাসে সন্দেহজনক রোগী প্রায় ৮ হাজার : নিশ্চিত আক্রান্ত ২৮৫

# খুলনা বিভাগে হাম পরিস্থিতি #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হাম পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে ৪১ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৫৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক বা নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ১৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৭ হাজার ৯৯৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৫৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৭ হাজার ২৯২ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এ সময়ে পরীক্ষার মাধ্যমে ২৮৫ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে ৩২ জনের মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নিশ্চিত হামে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, কুষ্টিয়া জেলা সবচেয়ে বেশি আক্রান্ত। সেখানে ২ হাজার ৭৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এরপর রয়েছে খুলনা জেলা, যেখানে ১ হাজার ২২৫ জন, মাগুরা জেলায় ১ হাজার ১১৭ জন, যশোরে ৮১০ জন, ঝিনাইদহে ৬৬৩ জন, মেহেরপুরে ৫৩০ জন, নড়াইলে ৪৮৭ জন, চুয়াডাঙ্গায় ৪৫৬ জন, বাগেরহাটে ৪১৫ জন এবং সাতক্ষীরায় ২১৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টার হিসাবে খুলনা, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর ও সাতক্ষীরাÑসব জেলাতেই নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। তবে কোনো জেলাতেই নিশ্চিত হাম বা হামজনিত মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে রোগী শনাক্তকরণ, চিকিৎসা, নজরদারি এবং টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button