স্থানীয় সংবাদ

ফরিদপুরে গাভীর লাথিতে বৃদ্ধার মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি ঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফরদী গ্রামে গাভীর দুধ সংগ্রহ করতে গিয়ে গাভীর লাথিতে গুরুতর আহত হয়ে আছিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আছিয়া বেগম আশফরদী গ্রামের মৃত জব্বার তালুকদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের গবাদিপশুর দেখভাল করতেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও নিজ বাড়ির গোয়ালঘরে গাভীর দুধ সংগ্রহ করতে যান। এ সময় হঠাৎ গাভীটি উত্তেজিত হয়ে তাকে জোরে লাথি মারে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, গবাদিপশুর আচরণ হঠাৎ পরিবর্তিত হলে এমন দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে দুধ দোহনের সময় পশু অস্থির হয়ে উঠলে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আছিয়া বেগমের আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিষয়টি যেহেতু গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর ঘটনায় রূপ নেয়, তাই সংশ্লিষ্ট আইনগত কার্যক্রম মুকসুদপুর থানা পুলিশ পরিচালনা করছে। নগরকান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক জানান, গাভীর লাথিতে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি স্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button