স্থানীয় সংবাদ

শহীদদের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে পরিণতি ভয়াবহ হবে : মোহাম্মদ মাহফুজুর রহমান

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, শহীদ আবু সাঈদ, সাকিব রায়হান, ইয়াসিন আলীসহ সকল শহীদকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে। শহীদদের স্মরণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করতে হবে। জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে এই সংক্রান্ত কমিটি পুনর্গঠন করতে হবে। শহীদের রক্তের শক্তি মুছে ফেলবার শক্তি কারো নেই উল্লেখ করে তিনি বলেন, শহীদদের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে পরিণতি ভয়াবহ হবে। গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারি দল হিসেবে বিএনপিকে পথ খুঁজে বের করতে তিনি আহ্বান জানান। জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের স্মরণে বৃহস্পতিবার রাতে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে জিরো পয়েন্টে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ আহবান জানান। খুলনা মহানগরী প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুরের পরিচালনায় বক্তৃতা করেন মহানগরী কর্মপরিষদ সদস্য ইঞ্জি. মোল্লা আলিমগীর, দাওয়া সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, হরিণটানা থানা আমীর সেলিম বাহার, থানা সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন, থানা কর্ম পরিষদ সদস্য জলমা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ সাফায়েত হোসেন লিখন, জুলাই যোদ্ধা রুহুল আমিন প্রমুখ। মহানগরী আমীর আরও বলেন, আন্দোলনের শুরুই হয়েছে কোটা সংস্কারের দাবিতে অর্থ্যাৎ সংস্কারের দাবিতে তাহলে বিপ্লব পরবর্তী নতুন সরকার সংস্কারের পরিবর্তে সংশোধন কোথায় পেয়েছে প্রশ্ন রেখে তিনি বলেন, গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন ব্যতিত বিকল্প কোনো পথে হাঁটলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। আমরা আর ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা চাই না, আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চাই। তিনি বলেন, জুলাই আন্দোলনে আবু সাঈদকে গুলি করে শহীদ করার মধ্য দিয়ে আন্দোলনে আগুনে ঘী ঢেলে দিয়েছিল হাসিনার পুলিশ বাহিনী। এখান থেকেই ছাত্র সমাজ শপথ করে হাসিনাকে ক্ষমতাচ্যুত করতেই হবে। সেই আন্দোলন একক কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ ভূমিকায় জুলাই বিপ্লব অর্জিত হয়েছে। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন না হলে জনগণ আবারও সরকার পরিবর্তনের দিকে হাঁটতে বাধ্য হবে। তিনি বলেন, ছাত্র-জনতা যেই নতুন বাংলাদেশের স্বপ্নে জুলাই বিপ্লব অর্জন করেছে সেই স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণ হতে হবে। রাষ্ট্র সংস্কার ব্যতিত পুরোনো ফ্যাসিবাদী ব্যবস্থায় সরকারকে চলতে দেবে না জুলাই বিপ্লবীরা। বিপ্লবীদের মাঠে নামার আগেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button