স্থানীয় সংবাদ

খুলনায় প্রথম গ্রেফতার ইস্তি : সারাদেশে নিহত-২৭

জুলাই আন্দোলনের দিনগুলি-১৮

এম সাইফুল ইসলাম ঃ চব্বিশের ১৮ জুলাই। এদিন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশ প্রায় অচল হয়ে পড়ে। রাজধানী ছাড়াও দেশের ৪৭টি জেলায় গতকাল দিনভর বিক্ষোভ, অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হামলা-গুলি ও সংঘাতের ঘটনা ঘটে। এসব ঘটনায় ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত দেড় হাজার। গণ গ্রেফতার শুরু হয়। খুলনায় তৎকালিন ছাত্রনেতা ইস্তিয়াক আহম্মেদ ইস্তির গ্রেফতারের মধ্যে আটক অভিযান শুরু করে তৎকালিন আওয়ামী পুলিশ। কোথাও কোথাও আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, আবার কোথাও সরকার–সমর্থক বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর বুধবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র‌্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে’ বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। এর সমর্থনে গতকাল দলে দলে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। গতকাল সারা দেশে নিহতদের অনেকে শিক্ষার্থী। তাঁদের শরীরে গুলির চিহ্ন এবং কারও কারও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মারা গেছেন একজন সাংবাদিক। একই এলাকায় মারা গেছেন আরও পাঁচজন। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির একজন শিক্ষার্থী গুলির আঘাতে মারা গেছে ধানমন্ডি এলাকায়। সকালে উত্তরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করতে গেলে আন্দোলনকারীদের বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর শুরু হয় সংঘর্ষ, যা চলে দিনভর। এতে রাজধানীর উত্তরার তিনটি হাসপাতাল থেকে ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। রামপুরায় একজন ও আজিমপুরে একজন মারা গেছেন। এ ছাড়া গত বুধবার রাজধানীর দনিয়া এলাকায় সংঘর্ষের মধ্যে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ইমরান বাবুর্চি (২৬)। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি। এদিকে গতকাল রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপুরার ফরাজী হাসপাতালে আরও কয়েকজনের লাশ এসেছে। তবে তাঁদের পরিচয় জানা যায়নি। আন্দোলনকারীদের পাশাপাশি সংঘাত-সংঘর্ষে আহত হয়েছেন সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পথচারী ও সরকার-সমর্থক বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। ঢাকার বাইরে সংঘর্ষে সহস্রাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় এই সংখ্যা পাঁচ শতাধিক। ১০ জেলায় শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছয় জেলায় সরকারি কার্যালয়, থানা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলা-সংঘর্ষে ৩১ জেলায় পুলিশ-ছাত্রলীগসহ ক্ষমতাসীনদের সঙ্গে সংঘর্ষে ১ হাজার ১১১ জন আহত হয়েছেন। ২৭ জনের মধ্যে ছয় জেলায় নিহত হয়েছেন আটজন। এ ছাড়া ২৪৭ জনকে আটকের খবর পাওয়া গেছে। ঢাকার বাইরে অবরোধ ঘিরে সংঘর্ষের জেরে বিভিন্ন স্থাপনায় তা-ব চালিয়েছেন আন্দোলনকারীরা। সাতক্ষীরা সদর, ময়মনসিংহের ফুলপুর, মাদারীপুর শহর, রংপুর, বগুড়া শহর ও হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, থানা, সরকারি কার্যালয় এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। হবিগঞ্জ শহরে পুলিশের সঙ্গে কোটাবিরোধী আন্দোলনকারীদের প্রায় চার ঘণ্টার সংঘর্ষে পুলিশের ১৬ সদস্যসহ দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে চোখে গুলিবিদ্ধ একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও সাতক্ষীরায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের ২ সদস্যসহ অন্তত ৪১ জন আহত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদারের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া সাতক্ষীরায় থানা ঘেরাওয়ের সময় ১৫ জনকে আটক করে পুলিশ। যশোরের কেশবপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়ক, রাজবাড়ীতে রাজবাড়ী-কুষ্টিয়া ও রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক, ঝালকাঠির রাজাপুরে খুলনা-বরিশাল মহাসড়ক, গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক, বরিশালে বরিশাল-ঢাকা মহাসড়ক বিক্ষোভ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক, পঞ্চগড় শহরে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক এবং কক্সবাজারে কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ সড়ক এবং রাঙামাটি ও লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। তৎকালিন সময়ের ছাত্রদলের মহানগর আহবায়ক ইস্তিয়াক আহম্মেদ ইস্তি জানান, কোটা আন্দোলণের শুরুতেই ছাত্রদের সাথে সমন্বয়ের অভিযোগে আমাকে গ্রেফতার করা হয়। কারাগারে ১৯ জুলাই পর্যন্ত আন্দোলণের পক্ষে আমি একাই ছিলাম। তিনি আরও জানান, ১৬ জুলাই রাত সাড়ে আট টায় আমার বাসার সামনে নিজস্ব কার্যাল তেকে আমাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button