খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কোনো নিশ্চিত হাম রোগী বা হামে মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলাভিত্তিক হিসাবে সর্বোচ্চ ১৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া মাগুরায় ৯ জন, খুলনায় ৭ জন, নড়াইল ও মেহেরপুরে ৩ জন করে এবং অন্যান্য জেলায় নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ২৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে ৭ হাজার ৫৮৮ জন হাসপাতালে ভর্তি এবং ৭ হাজার ৩৩১ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত বিভাগে ২৮৫ জনের হাম নিশ্চিত হয়েছে। সন্দেহজনক হামে ৩২ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিভাগ জনগণকে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পাশাপাশি শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।



