স্থানীয় সংবাদ

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভা রবিবার জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা দেন সংশ্লিষ্ট দপ্তরকে। পাশাপাশি সংশ্লিষ্ট সকল দপ্তরের নিজ নিজ ওয়েব পোর্টাল হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া উপজেলার মডেল মসজিদগুলোর নির্মাণ কাজও শেষ করে দ্রুত সময়ের মধ্যে হস্তান্তর করতে হবে। তিনি আরও বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন হাসপাতালে অগ্নিকান্ড সংঘঠিত হচ্ছে। অগ্নিকান্ড প্রতিরোধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে হবে। হাসপাতালসহ আশ-পাশ এলাকা ধূমপানমুক্ত রাখতে হবে। তিনি বলেন, কয়রা উপজেলায় মুন্ডা, মালো, বাঘ-বিধবাদের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। এক্ষেত্রে তাদের যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক দপ্তরের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা যেতে পারে। সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো: শওকত আলী জানান, জুলাই ১৫ তারিখ পর্যন্ত হাম সন্দেহে ভর্তিকৃত রোগীর সংখ্যা এক হাজার দুইশত জন ও হাম পজেটিভ রোগীর সংখ্যা ৪৪ জন। বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৪২ জন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত হামে মৃত্যুর সংখ্যা ১৩ জন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: নজরুল ইসলাম সভায় জানান, খুলনা জেলায় কৃষকদের মাঝে কৃষক কার্ড দেওয়া হবে। জেলার মোট কৃষক পরিবারের সংখ্যা তিন লাখ ২৬ হাজার পাঁচশত ৬১ জন। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে নয়টি উপজেলার নয়টি ব্লকে/উপজেলা ১৫ হাজার ছয়শত ৬৯টি পরিবারকে কৃষক কার্ড প্রদান করা হবে। মৎস্য অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা মো: বদিউজ্জামান সভায় জানান, গত মাসে রপ্তানীযোগ্য চিংড়িতে পুশ বিরোধী ১৩টি অভিযানে করে ৭২০ কেজি পুশকৃত চিংড়ি বিনষ্ট করা হয়েছে এবং ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মৎস্য সংরক্ষণ আইনে সাতটি অভিযান ও চারটি মোবাইলকোর্ট পরিচালনা করে ০.৭৮৫০০ লাখ মিটার কারেন্ট জাল, দুইটি বেহুন্দি জাল, একটি চায়না দুয়ারী জাল, তিনটি অবৈধ নেটপাটা জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এক লাখ ৫ হাজার পোনা জব্দ করে অবমুক্ত করা হয়েছে এবং তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: শরিফুল ইসলাম সভায় জানান, এমাসে টিকা বিক্রয়, খামার রেজিস্ট্রেশন ফ্রি আদায় এবং কৃত্রিম প্রজনন ফি বাবদ মোট ১৯ লাখ এক হাজার আটশত ছয় টাকা রাজস্ব আয় হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে মোট রাজস্ব আদায় হয়েছে এক কোটি ছয় লাখ ৭১ হাজার দুইশত ৯৫ টাকা।জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ওয়ালিদ বিন হাবিব জানান, গত মাসে ১২টি বাজার তদারকি করা হয়। ২০টি প্রতিষ্ঠানকে দন্ড প্রদান করে এক লাখ ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button