স্থানীয় সংবাদ

চার মাসে নিশ্চিত রোগী ৭,৭০৮; সন্দেহজনক হামে মৃত্যু ৩২, নিশ্চিত হামে ১

# খুলনা বিভাগে হামের প্রকোপ অব্যাহত #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৮ হাজার ১৫১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ৭ হাজার ৭০৮ জনের হাম নিশ্চিত হয়েছে।
খুলনা বিভাগ পরিচালক ( স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, আক্রান্তদের মধ্যে ৭ হাজার ৪৫৪ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এ সময়ে সন্দেহজনক হামে ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ২ হাজার ১১৮ জনের হাম নিশ্চিত হয়েছে। এরপর রয়েছে খুলনা জেলায় ১ হাজার ২৫৮ জন, নড়াইলে ১ হাজার ৮৬ জন, যশোরে ৮১৮ জন, ঝিনাইদহে ৬৭০ জন, মেহেরপুরে ৪৪৬ জন, বাগেরহাটে ৩৬৪ জন, সাতক্ষীরায় ২১৩ জন এবং চুয়াডাঙ্গায় ৪ জন নিশ্চিত রোগী।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে ৫৫ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৫৩ জনের নমুনা সংগ্রহ এবং ৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ১ জনের হাম নিশ্চিত হয়েছে। নতুন করে নিশ্চিত বা সন্দেহজনক হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করতে জেলার স্বাস্থ্য বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা (এমআর) টিকা গ্রহণ নিশ্চিত করতে এবং জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদানের আওতা আরও বাড়ানো, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button