স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪ জন, মোট আক্রান্ত ১৫৭২

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে নতুন করে ৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
খুলনা বিভাগ পরিচালক (স্ব্স্থ্যা) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত খুলনা বিভাগে মোট ১,৫৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১,৩৬০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া এ সময়ের মধ্যে ২৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
জেলাভিত্তিক নতুন ভর্তি রোগীর মধ্যে বাগেরহাটে সর্বোচ্চ ২২ জন, খুলনা জেলায় ১২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, যশোরে ৭ জন, কুষ্টিয়ায় ১ জন এবং মেহেরপুরে ১ জন ভর্তি হয়েছেন। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
অদ্যাবধি সর্বোচ্চ আক্রান্তের তালিকায় রয়েছে বাগেরহাট, যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫৩০ জন। এরপর রয়েছে খুলনা জেলা (৩১১ জন) এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (২৭৫ জন)। যশোরে মোট আক্রান্ত ১৭৯ জন, নড়াইলে ৯৬ জন, মাগুরায় ৫৪ জন, কুষ্টিয়ায় ৪৪ জন, মেহেরপুরে ৪০ জন, ঝিনাইদহে ২২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন এবং সাতক্ষীরা জেলায় ৫ জন রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। বাগেরহাটে ৬৮ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, খুলনা জেলায় ৩৪ জন, যশোরে ২০ জন, নড়াইলে ৬ জন, মাগুরায় ৫ জন, কুষ্টিয়া ও ঝিনাইদহে ২ জন করে, এবং মেহেরপুর ও সাতক্ষীরায় ১ জন করে রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button