শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক- ছাত্রীদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষক-অভিভাবক-ছাত্রীদের পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে খুলনার ঐতিহ্যবাহী সবুরণনেছা মহিলা ডিগ্রি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রূপসা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সবুরণনেছা মহিলা ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর শেখ জালাল উদ্দিন (অব.) এবং বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, দাতা ও কলেজের বিদ্যোৎসাহী সদস্য মনজুর কাদের। কলেজের অধ্যক্ষ মরিয়ম ছিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক, অভিভাবক ও ছাত্রীদের মধ্যে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা, নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় কলেজের শিক্ষক, অভিভাবক, ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

