খুলনায় পরিত্যক্ত ঘর থেকে গলাকাটা যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় একটি পরিত্যাক্ত ঘরে থেকে অজ্ঞাতপরিচয়ধারী যুবকের গলাকাটা লাশ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, তেঁতুলতলা এলাকার এক গৃহবধূ হারিয়ে যাওয়া হাঁস খুঁজতে গিয়ে একটি পরিত্যক্ত টিনের বেড়াঘেরা ঘরের মধ্য থেকে দুর্গন্ধ পান। পরে ঘরের ভেতরে উঁকি দিয়ে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত যুবকের পরনে কালো রঙের অর্ধহাতা গেঞ্জি ও কালো জিন্সের প্যান্ট ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করে। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে হত্যাকা-ের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।



