স্থানীয় সংবাদ

চুয়াডাঙ্গা সীমান্তে শিশুসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

প্রবাহ রিপোর্ট : চুয়াডাঙ্গা সীমান্তে নারী-শিশুসহ পাঁচজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় পুশইনে ব্যর্থ হয় বিএসএফ। শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬)-এর অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ গেদে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬) জানায়, চুয়াডাঙ্গার দর্শনার সীমান্ত পিলার ৭৬/৪-এস-সংলগ্ন গেট দিয়ে প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের মাধ্যমে অজ্ঞাতনামা তিনজন নারী, একজন শিশু ও একজন পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
এ সময় বিজিবির টহল দল ঘটনাটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে। পরে তাদের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া-সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করা হয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফলে বিজিবির তৎপরতায় অবৈধ পুশইনের প্রচেষ্টা সফল হতে পারেনি।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান বলেন, ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক, দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা সীমান্তে তাদের টহল ও নজরদারি কার্যক্রম আগের মতোই কঠোরভাবে অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button