বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির মেটিকুলাস ডিজাইনেই টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকা-ের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (২৬ জুলাই) একরামুল হক হত্যা মামলায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের পর ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
খবর বিবিসি বাংলার।
হাসিনা ছাড়াও অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন- ক্ষমতাচ্যুত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, আব্দুর রহমান বদি, র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদ, কর্নেল (অব.) আনোয়ার লতিফ খান তুষার, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম মিনু, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, মেজর (অব.) রুহুল আমিন ওরফে রাজন, স্কোয়াড্রন লিডার নাজমুস মাহমুদ ওরফে রাজু এবং লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান ওরফে সৈকত।
এদের মধ্যে আব্দুর রহমান বদি, আনোয়ার লতিফ খান ও মাহাবুব আলম অন্য মামলায় বর্তমানে আটক রয়েছেন।



