ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৯

প্রবাহ রিপোর্ট ঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ২৮ জন। শনিবার (১ আগস্ট) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানায়, আহতদের মধ্যে শিশুও রয়েছে। সাম্প্রতিক সময়ে কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জরুরি ভিত্তিতে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। এই হামলার মাত্র দুই দিন আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার সময় একটি সন্দেহভাজন রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখ-ে গিয়ে পড়ে। ওই হামলায় অন্তত আটজন নিহত হন, যার মধ্যে একই পরিবারের ছয় সদস্য ছিলেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সময় ১০টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর শহরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, শেভচেঙ্কিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়ে, ফলে কয়েকজন বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েন। জরুরি সেবা সংস্থা জানিয়েছে, দারনিৎসকি জেলায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ছাড়া সোলোমিয়ানস্কি জেলায় একটি পাঁচতলা আবাসিক ভবনের অংশ ধসে পড়লে দুইজন নিহত এবং আটজন আহত হন। আহতদের মধ্যেও দুই শিশু রয়েছে। লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র দেশটির দূতাবাসের কাছে আঘাত হানে। এতে দূতাবাসের জানালার কাচ ভেঙে যায় এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। এর আগে চলতি সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার অনুরোধ জানান। শুক্রবার ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি এখনো দেওয়া হয়নি, তবে আলোচনা চলছে। তিনি বলেন, এ ধরনের প্রযুক্তি তৈরির অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে। এটি একটি বড় সিদ্ধান্ত।



