আন্তর্জাতিক

তুরস্ক, সৌদি ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত

প্রবাহ রিপোর্ট ঃ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান একটি ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণের পথকে ত্বরান্বিত করতেই এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি কার্যকর করা হয়েছে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই কৌশলগত চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এর আগে তুর্কি রাষ্ট্রীয় গণমাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে এই তিন দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণে চুক্তি স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যসহ গোটা অঞ্চলে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকটের মুখে মুসলিম বিশ্বের প্রভাবশালী এই তিন দেশের আত্মপ্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই চুক্তির মাধ্যমে ন্যাটো জোটের অন্যতম বৃহৎ সামরিক শক্তির অধিকারী দেশ তুরস্ক, উপসাগরীয় অঞ্চলের শীর্ষস্থানীয় অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি সৌদি আরব এবং মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্বের এক নতুন অধ্যায়ের সূচনা করল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button