৭১ টিভির খুলনা প্রতিনিধি দায়িত্ব পালনে বাধা দেওয়ায় বিএফইউজে-এমইউজে খুলনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি ঃ ৭১ টেলিভিশনের খুলনা প্রতিনিধি রাজু হাওলাদারের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান এবং তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও গভীর প্রতিবাদ জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গত রোববার (১৬ আগস্ট) সকালে খুলনা মহানগরীর নূরনগরস্থ বয়রা বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম দাপ্তরিক দায়িত্ব পালনকালে সাংবাদিক রাজু হাওলাদারের সঙ্গে যে আক্রমণাত্মক ও অনভিপ্রেত আচরণ করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও শিষ্টাচারবহির্ভূত। একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে সংবাদকর্মীদের প্রতি এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই কাম্য হতে পারে না। সাংবাদিকরা সমাজের দর্পণ; তাঁরা জনস্বার্থ রক্ষায় তথ্য সংগ্রহ এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র জাতির সামনে তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিককে বাধাগ্রস্ত করা, ভয়ভীতি দেখানো কিংবা অসম্মান করা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল।
সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে সংবাদকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।



