স্থানীয় সংবাদ

বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন সড়ক দুর্ঘটনায় আহত

# এমইউজে খুলনা-বিএফইউজের সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার একমাত্র মেয়ে আড়িশাকে কোচিং থেকে মোটর সাইকেলে নিয়ে রূপসাস্থ নিজ বাড়িতে ফিরছিলেন। খুলনা মহানগরীর হাজী মুহসিন রোডের সাউথ সেন্ট্রাল মোড়ে দ্রুতগতির একটি রিকশা অভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে মোটর সাইকেলটি সড়কে পড়ে যায়। এতে তিনি ডান পায়ে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওনের আশু সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
সাংবাদিক নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, খুলনা শহরে বেপরোয়া গতিতে রিকশা চলাচল করছে। সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও বেশি কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, আকস্মিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি এবং তাঁর এই সংকটাপন্ন মুহূর্তে তাঁর পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button