খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু নতুন রোগী ১৩৫ : মৃত্যু ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগ পরিচালক ( স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রতিবেদন অনুযায়ী , ১৮ আগস্ট পর্যন্ত চলতি বছরে খুলনা বিভাগে মোট ৩ হাজার ৬৯০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে ৩ হাজার ১৬২ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৪৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া এ পর্যন্ত ৩৮ জন রোগীকে রেফার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৩৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১১৩ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন চিকিৎসা নিয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৫৩ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, বাগেরহাটে ২৪ জন, সাতক্ষীরায় ২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, যশোরে ১০ জন, ঝিনাইদহে ৮ জন, মাগুরায় ২ জন, কুষ্টিয়ায় ৪ জন এবং মেহেরপুরে ২ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে খুলনা জেলা, যেখানে ১৮৭ জন চিকিৎসাধীন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ১২৫ জন। এছাড়া বাগেরহাটে ৭৯ জন, যশোরে ৩৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, ঝিনাইদহে ১০ জন, নড়াইলে ৮ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, সাতক্ষীরায় ৩ জন, মাগুরায় ৩ জন, মেহেরপুরে ৩ জন এবং চুয়াডাঙ্গায় ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রতিবেদনের হিসাবে, ১৮ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে।



