স্থানীয় সংবাদ

বাস-ট্রাক সংঘর্ষের ৩ দিন পর বিলে মিলল শিক্ষার্থীর লাশ

মাদারীপুর প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষের তিনদিন পর দুর্ঘটনাস্থলের পাশের বিল থেকে হাফিজুর রহমান (২৪) নামে এক নিখোঁজ শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হাফিজুর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি বোয়ালমারী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাইকহাটি এলাকায় ফরিদপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে উল্টে পড়ে এবং ট্রাকটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়। দুর্ঘটনায় উভয় যানের চালক ও হেলপারসহ অন্তত ২০ জন আহত হন। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন বাসটির যাত্রী হাফিজুর। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বোয়ালমারী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জাহিদুল হক জানান, ১৭ আগস্ট সকালে ব্যাসপুর বাসস্ট্যান্ড থেকে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে সেমিস্টার পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজ ছিলেন হাফিজুর। বুধবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থলের পাশের বিলে লাশ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। বোয়ালমারী ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধারের সময়ও হাফিজুরের গলায় কলেজের পরিচয়পত্র ও ব্যাজ ঝুলছিল। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button