জাতীয় সংবাদ

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাহ রিপোর্ট ঃ সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা যাতে দলীয় চাপের বাইরে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে এ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় সংসদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকা উচিত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার বাস্তব প্রতিফলন দেখতে পাবে। সংবিধান সংশোধনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি সরকারের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এর আগে ৭০ অনুচ্ছেদ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, কিছু ব্যতিক্রম ছাড়া সংসদ সদস্যদের রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে। এ পরিবর্তন হলে এমপিরা দলীয় চাপের বাইরে গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। বর্তমান রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে অবশ্য সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর রয়েছে বলে এর আগে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি জানিয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button