খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল

# আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটি কমিটি গঠন #
স্টাফ রিপোর্টারঃ অবশেষে অনেক নাটকের পর খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সাথে গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। গত ১৩ আগস্ট সমিতির কার্যালয়ে এক সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয় বলে বাজার কমিটির সাবেক সাঃ সম্পাদক আল আমিন জানান। পাঁচ সদস্যের আহবায়ক কমিটি হলো, আহবায়ক আলহাজ্ব আলমগীর সিদ্দিকী, মাস্টার সোবহান আলী, মাস্টার ফারুখ আহমেদ, খলিলুর রহমান ও আবু সাঈদ মাস্টার। এদের কাজ হচ্ছে, তারা বাজার পরিচালনা করবে নির্বাচন পর্যন্ত। এ সময় তারা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা উত্তোলন, খরচ খরচা বহন, পূর্বের হিসাব নিকাশ বুঝে নেয়াসহ বাজারটি যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সে ব্যাপারে কাজ করবে। তবে এ কাজের বিষয়টি মানতে নারাজ কমিটির সাবেক সভাপতি আনোয়ার হোসেন। তিনি বলেন, তারা নির্বাচিত একটি কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মধ্য দিয়ে তাদের ক্ষমতা হস্তান্তর হবে। তারা কোন নিয়মে বাজারের হিসাব নিকাশ চায়। তাদের কাছে হিসাব নিকাশ দেয়ার প্রশ্নই আসে না বলে তিনি সাব জানিয়ে দেন। এদিকে আগামী ৩০ সেপ্টেম্বর নির্বাচনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান হলেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড, মোহাম্মদ আলী বাবু, সদস্য হলেন, থানা বিএনপির সাঃ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস ও সদস্য শ্রমিকদল নেতা আবুল কালাম জিয়া। এই বাজারে ভোটার ৩২৫ জন। যার একটি অংশ ভূয়া ভোটার বলে সাধারণ ব্যবসায়ীদের দাবি। তিন বছর মেয়াদী নির্বাচন ২০২১ সালের শেষের দিকে অনুষ্ঠিত হয়। কিন্তু মেয়াদ শেষ হলেও নানা অজুহাতে বাজারের নির্বাচন না হওয়ায় বাজার পরিচালনার ক্ষেত্রে সংকট আরো বেড়েছে। এদিকে নতুন আহবায়ক কমিটি বুধবারে সাবেক কমিটির নিকট বাজারের হিসাব নিকাশসহ নানা প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে নোটিশ দিলেও সাবেক সভাপতি আনোয়ার হোসেন রাখেননি। তবে সাবেক সাঃ সম্পাদক আল আমিন তাদের নোটিশ রিসিভ করে রেখেছেন বলে কমিটির সদস্য আবু সাঈদ মাস্টার জানান। অন্য দিকে নানা সংকটে বাজার পরিচালনার জন্য বিগত দিনে গঠিত আহবায়ক কমিটি থেকে আহবায়ক আবুল কালাম জিয়া পদত্যাগ করেন। জিয়া বলেন, কোন পক্ষই তাকে সহযোগিতা না করায় তিনি বাধ্য হয়ে পদত্যাগ করেন। উভয় পক্ষের সহযোগিতা ছাড়া বাজার পরিচালনা করা যায় না।



