কলকাতায় হোটেলে অগ্নিকা-ে নিহতদের দু’জনের বাড়ি সাতক্ষীরায়

সাতক্ষীরা প্রতিনিধি ঃ কলকাতায় হোটেলে অগ্নিকা-ে নিহত সাত বাংলাদেশির মধ্যে দুইজনের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায়। এরা হলেন, উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের আলিমুজ্জামান সাজু ও তেঁতুলিয়া গ্রামের রেবতি সরকার। আলিমুজ্জামান সাজু কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র-যুবলীগ নেতা। সাজুর মৃত্যুর বিষয়টি তার খালাতো ভাই অ্যাডভোকেট তানভীর আহমেদ নিশ্চিত করেছেন। আলিমুজ্জামান সাজু বরেয়া গ্রামের ঐতিহ্যবাহী সরদার বাড়ি পরিবারের সদস্য। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোমরের ব্যথার চিকিৎসা করাতে পাঁচ-ছয় দিন আগে ভারতে যায় সাজু। বুধবার তার দেশে ফেরার কথা ছিল। এর মধ্যে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হোটেলে অগ্নিকা-ে দগ্ধ হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, একই ঘটনায় কালিগঞ্জের তেতুলিয়া গ্রামের রেবতী সরকার নামে এক নারী নিহত হয়েছেন।



