‘লাফ দিও না বাবা’Ñছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-মায়েরও মর্মান্তিক মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ ভারতের মহারাষ্ট্রে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ জুলাই) ১৮ বছর বয়সী এক তরুণ পাহাড়ের ঠিক কিনারায় গিয়ে দাঁড়িয়েছিলেন, যা দেখে তার বাবা-মা এবং উপস্থিত অন্যরা তাকে নিরাপদ স্থানে সরে আসার জন্য প্রায় তিন ঘণ্টা ধরে বোঝানোর চেষ্টা করেন। ‘আমি লাফ দেব’-এ কথা বলে ওই তরুণ বারবার তার বাবা-মাকে হুমকি দিচ্ছিল। তবে শেষ পর্যন্ত তাকে ফেরানো যায়নি। এ ঘটনায় প্রাণ গেছে তার বাবা-মায়েরও। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বাবা যখন ছেলেকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই ছেলেটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। ফলে পুরো পরিস্থিতির এক মর্মান্তিক সমাপ্তি ঘটে। আতঙ্কিত হয়ে পড়া ওই তরুণের মাও কিছুক্ষণ পরে পাহাড় থেকে নিচে পড়ে যান। এতে পরিবারের তিন সদস্যই প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার খাওদা পাহাড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই নাটকীয় ঘটনার সময় বাবা-মা ও অন্যরা ওই তরুণকে পাহাড়ের কিনারা থেকে সরে আসার জন্য বারবার বোঝানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত পর্যটক ও স্থানীয় লোকজন তাদের মোবাইলের ক্যামেরায় পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। ঘটনার সূত্রপাত হয় স্থানীয় সময় সকাল ১০টার দিকে। দেবলাই এলাকার বাসিন্দা ১৮ বছর বয়সী ওই তরুণ পাহাড়ের কিনারায় চলে যান ও নিজের জীবন শেষ করে দেওয়ার হুমকি দিতে থাকেন। প্রায় তিন ঘণ্টা ধরে গ্রামবাসী ও তার বাবা-মা তাকে শান্ত করার চেষ্টা করেন। তারা তার ভবিষ্যৎ ও বাবা-মার কথা চিন্তা করার অনুরোধ জানান, কিন্তু ওই তরুণ নিজের জীবন শেষ করার সিদ্ধান্তে অনড় থাকেন। ছেলেটির বাবা প্রথমে নিচে থেকে তাকে অনুরোধ করেন, তবে শেষ ১৫-২০ মিনিটে তিনি নিজেই পাহাড়ে উঠে যান। ওই তরুণ যখন পাহাড়ের কিনারার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন বাবা তাকে সরে আসার জন্য কথা বলে রাজি করানোর চেষ্টা করেন। দুপুর ১টার দিকে তিনি তার ছেলেকে ধরার চেষ্টা করলে দুজনেই ভারসাম্য হারান এবং তারা পাহাড় থেকে নিচে পড়ে যান। কিছুক্ষণ পর ওই তরুণের আতঙ্কগ্রস্ত মাও পাহাড় থেকে নিচে পড়ে যান।


