সুন্দরবনে নদীতে নৌকা ডুবে ভাসছিল পর্যটকসহ নয়জন : জাতীয় জরুরি সেবার ফোনে উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
সুন্দরবনের সিংহেরটেক এলাকায় ঘুরতে গিয়ে নদীতে নৌকা ডুবে পানিতে ভাসছিলেন মাঝিসহ ৯ পর্যটক। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ থেকে ফোন পেয়ে রবিবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মোংলা কোস্টগার্ডের সদস্যরা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক ও গণমাধ্যম-জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ভাইসহ আটজন পর্যটক সুন্দরবন ঘুরতে গিয়েছেন। ঘোরাঘুরির একপর্যায়ে তাদের বহনকারী নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করে। যেকোনো সময় নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান ওই ব্যক্তি। খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিক ভাবে বাগেরহাট নৌ-পুলিশ ও মোংলা কোস্টগার্ডকে বিষয়টি জানান হয়। ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর বাগেরহাট নৌ-পুলিশ ও মোংলা কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে ফাসতে থাকা মাঝিসহ নয়জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। রবিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকা থেকে আটজন পর্যটক ইঞ্জিনচালিত একটি নৌকায় করে সুন্দরবন ভ্রমণে যান। দুপুরে সুন্দরবনের বাগেরহাট অংশের সিংহেরটেক এলাকায় পৌঁছানোর পর নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে মাঝিসহ নয়জন পানিতে ভাসতে থাকেন।



