স্থানীয় সংবাদ

োবাগেরহাটে ৫৫টি ধারালো ছুরি, মাদক ও জাল টাকা উদ্ধার : নারীসহ আটক ১১

বাগেরহাট প্রতিনিধি ঃ অবৈধ মাদক দ্রব্য নিয়ে আলোচিত বাগেরহাট জেলা শহরে পুলিশে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দিন ব্যাপী পুলিশের এ সাড়াশি অভিযানে অবৈধ মাদকদ্রব্য, ৫৫টি ধারালো ছুরি ও জাল টাকা উদ্ধার হয়েছে। এ অভিযানে জড়িত নারীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় এবং সদর উপজেলার খানজাহান আলী মাজারের দীঘির পাড়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ তাদের মাদক বিক্রেতা বলে দাবি করেছে। একদিনের অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ধারালো ছুরি, এক হাজার টাকার ৯০টি জাল টাকার নোট উদ্ধার করা হয়। এ অভিযান বিষয়ে বুধবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে এসপি হাসান মোহাম্মদ নাছের রিকাবদার সংবাদকর্মীদের এই তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), পলি (৪৫), কচুয়াপট্টির নিমাই সাহা (৪০), বাগেরহাট সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মোঃ রিফাত (২৪), একই উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের সিরাজ (২০) ও খেগড়াঘাট গ্রামের বিপ্লব মিস্ত্রী (৩৬)। জাল টাকাসহ গ্রেপ্তারকৃতরা হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রুহিতলা বুনিয়া গ্রামের মো. আকলাস ভূঁইয়া (৫৫), একই উপজেলার বুড়িখালী গ্রামের আশিকুর রহমান মোল্লা (২৩) এবং মোঃ শিবলু ফকির (২৪)। পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, বাগেরহাট জেলা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে শহরের নাগেরবাজার এলাকা ব্লকেড দিয়ে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় নাগেরবাজারের প্রবেশ ও বের হয়ে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়ে প্রত্যেকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা, ৫৫টি ধারালো ছুরিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আরেকটি অভিযানে এক হাজার টাকার ৯০টি জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এই পৃথক অভিযানে একজন নারীসহ মোট ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে পৃথক আইনে তিনটি মামলা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button