স্থানীয় সংবাদ

প্রবাসে থাকার সুযোগে খুলনায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ প্রবাসে থাকার সুযোগে অসুস্থ মাকে ভুল বুঝিয়ে জমি জালিয়াতি, ভিটেমাটি থেকে বেদখলের চেষ্টা এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন মো. চাঁন মিয়া শেখ নামে এক প্রবাসী। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাঁন মিয়া শেখ বলেন, তিনি কাতারে প্রবাসী হিসেবে কর্মরত। প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে আসছিলেন। কিন্তু দেশে ফেরার পর নিজের পৈতৃক ও মায়ের কাছ থেকে পাওয়া সম্পত্তি নিয়ে তিনি জটিলতার মুখে পড়েছেন। লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৮৭ সালে তার বাবা মরহুম আব্দুল মান্নান মারা যান। বাবার মৃত্যুর পর তাদের নামে থাকা সম্পত্তির মধ্যে তিনি ছোট থাকায় বড় ভাই আনিসুর রহমান ও মেজো ভাই মো. শাহ আলম বেআইনিভাবে সম্পত্তি ভোগদখল করতে থাকেন বলে অভিযোগ করেন তিনি। বাবার সম্পত্তি থেকে সম্পূর্ণ বঞ্চিত হওয়ার পর তার মা আনোয়ারা বেগমের কাছ থেকে অনুশোচনা ও স্নেহের বশে খুলনার বায়ানিয়াখামার মৌজায় থাকা সম্পত্তি তার নামে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁন মিয়া শেখ বলেন, তার মায়ের হেবা দলিল ও সম্পত্তির অধিকার অনুযায়ী বায়ানিয়াখামার মৌজার বিএস ১৪৫১৯ দাগের সম্পত্তির একটি অংশ ২০১৩ সালের ১৩ জানুয়ারি রেজিস্টার্ড হেবা ঘোষণাপত্রের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। ওই দলিলে তার দুই বোন সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। পরে তিনি ওই সম্পত্তিতে পাকা ইমারত নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
তিনি আরও অভিযোগ করেন, জীবিকার তাগিদে ২০১৬ সালে কাতারে চলে যাওয়ার পর তার অনুপস্থিতির সুযোগে ভাইয়েরা সম্পত্তি নিয়ে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করেন। বিশেষ করে তিনি বিদেশে থাকায় হেবা সূত্রে পাওয়া সম্পত্তি মিউটেশন করতে না পারায় জটিলতায় পড়েন। সম্প্রতি ২০২৬ সালের মে মাসে কাতার থেকে দেশে ফিরে নিজের জমির নামজারি করতে গেলে বিষয়টি নিয়ে বিরোধ প্রকাশ্যে আসে। চাঁন মিয়ার অভিযোগ, মেজো ভাই মো. শাহ আলম তাকে ভিটেমাটি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেন। একইসঙ্গে মেজো ভাইয়ের মেয়ের জামাই শামীম হোসেন সোহাগ, যিনি বাংলাদেশ বিমান বাহিনীতে সৈনিক পদে কর্মরত বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তার সরকারি পদমর্যাদার প্রভাব খাটিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন এবং পুনরায় বিদেশে যেতে বাঁধা দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন, তার বৈধ মালিকানা ও সম্পত্তির অধিকার রক্ষায় তিনি ইতোমধ্যে আইনের আশ্রয় নিয়েছেন। খুলনা সদর সিনিয়র দেওয়ানি আদালতে বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী ও অর্ন্তর্বতীকালীন নিষেধাজ্ঞার আবেদন করে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে চাঁন মিয়া শেখ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বিমান বাহিনী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সরকারি পদের অপব্যবহার করে হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং তার বৈধ সম্পত্তি জালিয়াতি ও দখলের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, একজন প্রবাসী হিসেবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে বর্তমানে শঙ্কিত। গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা করেন তিনি। তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button