খুলনায় বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারে সচেতনতার আহ্বান

স্টাফ রিপোর্টার ঃ বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহারের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় খুলনা কেডিএ নিউ মার্কেট প্রাঙ্গণে বিদ্যুৎ সাশ্রয় ও সৌর বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি বিষয়ক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসন, খুলনা ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), খুলনার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক এবং কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গাফফার বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন ওজোপাডিকো, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুর রহমান। সভায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুতের অপচয় রোধ করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুৎ ব্যবহার না করে সচেতনভাবে বিদ্যুৎ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। তারা বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনায় প্রয়োজন অনুযায়ী সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমানো সম্ভব। বিদ্যুৎ সাশ্রয়ে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় অপ্রয়োজনীয় সময়ে বৈদ্যুতিক বাতি, ফ্যান, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় কেডিএ নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দসহ জেলা প্রশাসন ও ওজোপাডিকোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



