খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৩৩ জনের হাম সন্দেহ : মৃত্যু ১

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জনের মধ্যে হাম সন্দেহ করা হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৩ জনই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত খুলনা বিভাগের জেলা-ভিত্তিক হামের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে মাগুরায় ১৭ জন। এর মধ্যে ১৭ জনই হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনায় ১২ জন, কুষ্টিয়ায় ৩ জন এবং মেহেরপুরে ১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এসব রোগীর সবাই হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সন্দেহজনক হামে ১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ২৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ১০ হাজার ৮৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৯ হাজার ৬২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৯ হাজার ৩৭৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৫ জন।
একই সময়ে বিভাগে ৩৬৫ জনের হাম নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হাম রোগীদের মধ্যে মৃত্যুর কোনো ঘটনা নেই।
জেলা হিসেবে এ সময়ে সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়ায় ২ হাজার ৫২০ জন, এরপর খুলনায় ১ হাজার ৬৭৪ জন, মাগুরায় ১ হাজার ৫৪৫ জন, ঝিনাইদহে ৮২৬ জন, যশোরে ৮৫৭ জন এবং নড়াইলে ৬৯৫ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হাম পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।



