খুলনা মহানগরী জামায়াতে তিনদিনব্যাপী মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনে মোহাম্মদ মাহফুজুর রহমান

# ডেঙ্গুর প্রকোপ রোধ ও এডিস মশার বংশবিস্তার ধ্বংস করতে #
খবর বিজ্ঞপ্তি ঃ ডেঙ্গুর প্রকোপ রোধ ও এডিস মশার বংশবিস্তার ধ্বংস করতে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর ঘোষিত তিনদিনব্যাপী (২৯, ৩০ ও ৩১ আগস্ট) বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। মশার লার্ভা নিধন এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। শনিবার (২৯ আগস্ট) সকালে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৩ নং ওয়ার্ডের শান্তিধাম মোড় এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তিন দিনব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ডেঙ্গু এখন আর শুধু একটি ঋতুভিত্তিক রোগ নয়, বরং এটি সারা বছরই জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশা মারার চেয়ে মশার জন্মস্থান ধ্বংস করা বেশি জরুরি। অভিযানের প্রথম দিনে জনবহুল এলাকা, কাঁচাবাজার, বাসাবাড়ির আঙিনা, ড্রেন এবং নির্মাণাধীন ভবনগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পরিচ্ছন্নতাকর্মীরা ব্লিচিং পাউডার ও লার্ভিসাইড স্প্রে ছিটানোর পাশাপাশি বিভিন্ন পাত্রে জমে থাকা পরিষ্কার পানি ফেলে দেন। কারণ এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতেই ডিম পাড়ে। তিন দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা হচ্ছে, যাতে নগরবাসী তাদের ফুলের টব, এসি বা ফ্রিজের নিচে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার বিষয়ে সচেতন হন। এছাড়া মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হচ্ছে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় জামায়াতের নির্দেশনায় খুলনা মহানগরীর সকল থানায় ২৯, ৩০ ও ৩১ আগস্টÑএই তিন দিনব্যাপী একযোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হবে। কেবল প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে প্রতিটি সচেতন নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত খুলনা গঠনে জামায়াতে ইসলামী জনগণের পাশে থেকে কাজ করে যাবে ইনশাআল্লাহ।
প্রধান অতিথি মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযানে সরাসরি নেতৃত্ব দেন এবং তিনি নিজে ঝাড়– ও কোদাল হাতে নিয়ে রাস্তার পাশের জমে থাকা পানি, বর্জ্য ও ড্রেন পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন। খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর আমীর এস এম হাফিজুর রহমান এর পরিচালনায় অভিযানে উপস্থিত ছিলেন মহানগরী প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, সদর থানা সেক্রেটারি আব্দুস সালাম, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির, বায়তুল সম্পাদক মোয়াজ্জম হুসাইন, ৩০ নং ওয়ার্ড আমীর আব্দুল ওয়াহেদ, ২১ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ২২ নং ওয়ার্ড সভাপতি আরাফাত হোসাইন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আমানাত আলী হাওলাদার, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান ডালিম, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলিমুল হক মিরাজ, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনির হোসেন লিটন, জামায়াত নেতা আরিফুল হক মোল্লা, ২৩ নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা সাব্বির তরফদার, ২২ নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, ২৭ নং ওয়ার্ড সেক্রেটারি ইজাজুল ইসলাম, জামায়াত নেতা আফসার উদ্দিন রতন, দাউদ আকুঞ্জি, রাফসানজানি সোহাগ, ফারুক হোসেন, নাসিম মোল্লা প্রমুখ।
মহানগরী আমীর বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়বো। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে। তিনি আরও বলেন, চব্বিশের জুলাই না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না। তাই আমাদের সবার উচিত জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।
অভিযান শেষে তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, একটি সুস্থ ও সুন্দর নগরী উপহার দিতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। খুলনাবাসীকে পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘আমরা এই খুলনাকে বদলে দেব, ইনশাআল্লাহ। এই খুলনা পরিবর্তন হয়ে যাবে। আমরা এমন একটি খুলনা গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না ময়লা-আবর্জনা, থাকবে না জলাবদ্ধতাÑগড়ে উঠবে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী।’ নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘পরিষ্কার, যানজটমুক্ত ও জলাবদ্ধতামুক্ত খুলনা গড়তে খুলনাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচনে আমাদের দক্ষতা, যোগ্যতা ও কাজের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে হবে।’ তিনি আরও বলেন, ‘যারা মাঠে নেমে জনগণের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবেন, যারা ময়লা দেখে নাকে রুমাল দিয়ে দূরে সরে যাবেন না; বরং সেই ময়লা পরিষ্কারের উদ্যোগ নেবেনÑজনগণের হয়ে যারা কাজ করবেন, জনগণ তাদের অবশ্যই স্মরণ রাখবেন।’



